আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি জানায়, ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত মোট ১০ দিন সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন, যাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়।
রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।
