কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে ২টি বিমান ভূপাতিত করার দায়ে এই অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে চীন।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত। বৃহস্পতিবার (২১ মে) নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এমন প্রতিক্রিয়া জানান।
গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা। যে কোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেয়া বন্ধ করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে।
কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে।
সেই সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
