আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিজেদের ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করলো মিশর। চলতি মাসেই রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ফিফার নিয়মানুযায়ী ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ফারাও কোচ হোসাম হাসান। তবে এই দলে বড় চমক ফরাসি ক্লাব নতের তারকা স্ট্রাইকার মোস্তফা মোহামেদের বাদ পড়া। অন্যদিকে, বার্সেলোনার যুব দলের হামজা আবদেলকারিমসহ স্কোয়াডে ডাক পেয়েছেন একঝাঁক নতুন মুখ।
আগামী ২৮শে মে রাশিয়ার মুখোমুখি হবে মিশর। আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই এই ম্যাচের আয়োজন। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক বার্সেলোনার যুব দলের ফরোয়ার্ড আবদেলকারিম। এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পিরামিডস এফসির মিডফিল্ডার মোস্তফা জিকো এবং এনপিপিআই এসসির ফরোয়ার্ড আকতাই আবদুল্লাহ। সদ্য সমাপ্ত মৌসুমে জামালেকের হয়ে দুর্দান্ত খেলা গোলকিপার আল-মাহদি সোলেমান দলে ফিরলেও, কপাল পুড়েছে মোহাম্মদ আওয়াদ ও মোহাম্মদ সোবহির। অনুমিতভাবেই দলে আছেন লিভারপুল ও ম্যানচেস্টার সিটির দুই তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশ।
ফরাসি লীগ ওয়ানে মোস্তফার ক্লাব নতে রেলিগেটেড হওয়ায় তাকে এই স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান আজ থেকে ন্যাশনাল টিমস সেন্টারে অনুশীলন ক্যাম্প শুরুর কথা নিশ্চিত করে বলেন, ‘রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটির পরই আমরা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবো।’
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিশর লড়বে ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে। এর আগে মার্চে তারা সৌদি আরব ও স্পেনের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয়।
মিশরের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: মোহাম্মদ এল শেনায়ি, মোস্তফা শোবের, এল মাহদি সোলেমান ও মোহাম্মদ আলা।
ডিফেন্ডার: মোহাম্মদ হানির, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেল মজিদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ ও করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, নাবিল ইমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইসেম হাসান।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আকতার আবদুল্লাহ ও হামজা আবদেলকারিম।
