৩০ বছরের শিরোপা খরা এবং ৪৪ বছর পর ইউরোপের মঞ্চে ট্রফি জয়—এক দিনেই সব আক্ষেপ দূর করলো অ্যাস্টন ভিলা। বুধবার রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে একপেশে ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লীগের নতুন রাজা বনে গেল উনাই এমেরির দল।
অথচ ইংলিশ ক্লাবটির জন্য মৌসুমের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। টানা ছয় ম্যাচ জয়হীন থাকা দলটিই মাত্র ছয় দিনের ব্যবধানে ইতিহাস গড়লো। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করার পর, এবার তারা ঘরে তুললো ইউরোপা লীগের ট্রফি। ১৯৯৬ সালের লীগ কাপের পর এটিই ভিলার প্রথম কোনো শিরোপা। ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে এদিন ভিলা মাঠে নামে সাদা জার্সিতে। এই রঙের পেছনে জড়িয়ে আছে ক্লাবটির ১৫২ বছরের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। ১৯৮২ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে এই সাদা জার্সি পরেই হারায় তারা। ৪৪ বছর আগের সেই রূপকথার দলের ৯ জন সাবেক ফুটবলার গ্যালারিতে বসে উত্তরসূরিদের এই জয় প্রত্যক্ষ করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে হাজির ছিলেন ক্লাবটির বিশেষ সমর্থক প্রিন্স উইলিয়াম এবং হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।
ম্যাচের ৪১তম মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে দারুণ এক ভলিতে ভিলাকে এগিয়ে নেন ইউরি তিলেমানস। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এরপর ৫৮তম মিনিটে বুয়েন্দিয়ার পাস থেকেই ফ্রেইবুর্গের জালে শেষবার বল জড়ান রজার্স।
এই শিরোপা জয়ের মাধ্যমে ফুটবল বিশ্বে নিজেদের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেছেন ভিলার কোচ উনাই এমেরি ও গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ইউরোপা লীগের ‘রাজা’ খ্যাত স্প্যানিশ কোচ এমেরি পঞ্চমবারের মতো জিতলেন এই ট্রফি। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার (২০১৪-১৬) এবং ভিয়ারিয়ালের হয়ে (২০২১) চ্যাম্পিয়ন হন তিনি।
এদিকে, ভিলার আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ ফাইনালে না হারার অনন্য রেকর্ড অক্ষুণ্ন রাখলেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ ক্যারিয়ারের ৭টি ফাইনালের সবকটিতেই শেষ হাসি হাসলেন বাজপাখি খ্যাত এ তারকা গোলকিপার।
