ঠাকুরগাঁওয়ের বহু প্রতীক্ষিত পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে এসে জামায়াতকে নিয়ে কড়া মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশের মানুষ কোনোদিন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনবে না। একইসঙ্গে তিনি ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস দেন এবং জেলার উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথাও তুলে ধরেন। গতকাল দুপুরে ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত সংবর্ধনা ও স্বাগত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়।
বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অভিযোগ করে বলেন, ধর্মের নামে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী ফায়দা নিতে চায়। তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। জনগণের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকার প্রসঙ্গ টেনে বিএনপি’র মহাসচিব বলেন, জামায়াতে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। তাই এদেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট হবেই। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারবো না, কিন্তু এটা হবে আমাদের গর্ব। আমরা বলতে পারবো, আমাদের একটি বিমানবন্দর আছে। তিনি জানান, প্রকল্পটি ইতিমধ্যে মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তড়িঘড়ি করে কাজ শেষ না করে স্থায়ী ও কার্যকর অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। এমনভাবে করতে চাই না যে, দু’দিন পর আবার বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই।
তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা রক্ষা করতে চাই। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য দিনরাত পরিশ্রম করা হবে। তবে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটির কার্যক্রম চালুর চেষ্টা করা হবে। এর আগে সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি সবসময় আপনাদের বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন।
আমি আবারো বলছি- এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো রক্ষা করতে চাই। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে কখনো বিমুখ করেননি। যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি’র মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরও দু’টি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া জেলার দীর্ঘদিনের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও মিলেছে।

আব্দুল হালিম
২ মাস আগে"(হে নবী!) আপনি বলুন, 'হে আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক! আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।' বিএনপি’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতটি স্মরণ করা উচিত ছিল।