কর্ণফুলীতে পশুর হাটের ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা পাঁচদিন পশুর হাট বসানোর অনুমতি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাপ্তাহিক দুই দিনের জন্য ইজারা দেয়া হলেও ঈদুল আজহাকে সামনে রেখে এবার পাঁচদিন অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমতি দেয়া হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে অন্যান্য বাজারের ইজারাদারেরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ জনভোগান্তির শঙ্কাও প্রকাশ করেছে।

চিঠিতে বলা হয়, ফকিরনীর হাটসংলগ্ন দু’টি ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর আবেদন অনুমোদন করা হয়েছে। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী ২৩শে মে থেকে ২৭শে মে পর্যন্ত পাঁচদিন হাট পরিচালনা করা যাবে। ইজারাদারদের দাবি, নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত দিন হাট পরিচালনার সুযোগ দেয়া হলে বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হতে পারে। এ ছাড়া বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে, ফকিরনীর হাট-সংশ্লিষ্ট ইমরান সেলিম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পূর্বনির্ধারিত স্থান না পাওয়ায় তারা ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে হাট পরিচালনার উদ্যোগ নিয়েছেন।

তার দাবি, নির্ধারিত সময়ের বাইরে হাট বসার সুযোগ না পেলে আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়তো। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর মইজ্জ্যারটেক পশুর হাট প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকায় এবং ফকিরনীর হাট প্রায় ৮১ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে। এ ছাড়া উপজেলার অন্যান্য বাজারও নির্ধারিত শর্তে ইজারা পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী হাট পরিচালিত হবে। তবে অন্য বাজারের ইজারাদারদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন