এক ডোরিয়েল্টন গোমেজ ছাড়া বাকি বিদেশিরা ক্লাব ছেড়েছেন আগেই। বিদেশি কোচও টেকেনি বেশি দিন। দেশি ফুটবলাররাও বেতনের দাবিতে আন্দোলন করছে মাঝে মধ্যে। অনুশীলন বয়কটের খবরও শোনা গেছে। তবুও এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। আর গতকাল ঘটনাবহুল ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুম ‘ট্রেবল’ নিশ্চিত করলো তারা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অনুষ্ঠিত এই ফাইনালে দু’বার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেজের জাদুকরী হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিলো বসুন্ধরা কিংস।
এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুধু শিরোপা ধরে রাখেনি, একই মৌসুমে চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ ফুটবল লীগ ও ফেডারেশন কাপের ট্রফি বাগিয়ে গড়েছে ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে দু’বার ট্রেবল জয়ের স্বাদ পেলো তারা।
মাঠের বাইরে খুব একটা ভালো সময় যাচ্ছে না কিংসের। বিদেশিদের টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারায় ১১টি ফিফা নিষেধাজ্ঞা ঝুলছে ক্লাবটির সামনে। লীগ শিরোপা জেতার পর সেটা স্বীকারও করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট ইমরুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে খেলোয়াড়দের কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘গত ৭ বছরে অনেক শিরোপা জিতেছে কিংস। কিন্তু এবারের শিরোপার মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। মাঠ এবং মাঠের বাইরে শত প্রতিকূলতার মধ?্য দিয়ে যেতে হয়েছে আমাদের।
আমরা আমাদের দায়িত্ব পালনে ব?্যর্থ হলেও বিশ্বাস এবং আস্থা ছিল খেলোয়াড়, কোচদের ওপর। আমি মনে করি বিগত বছরগুলোতে আমরা যা দিয়েছি তারই প্রতিদান এবার তারা আমাদের দিয়েছে। এবারের শিরোপার কৃতিত্ব তাই শুধুই খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের এবং অতি অবশ্যই আমাদের সমর্থকদের। সেই সমর্থকদের আরো একটি উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন কিংসের ফুটবলাররা।
যে মাঠে খেলতে আপত্তি ছিল, সেই কিংস অ্যারেনাতেই ম্যাচের পঞ্চম মিনিটে মোহামেডানকে উল্লাসে ভাসান মুজাফফর মুজাফফরভ। বক্সের খানিকটা সামনে থেকে তার নেয়া দর্শনীয়, কোনাকুনি ফ্রি কিকটি কেবল চেয়ে দেখা ছাড়া কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কিছুই করার ছিল না।
তবে সেই গোল হজম করে দমে যায়নি কিংস। পরের মিনিটেই বক্সের ভেতর স্যামুয়েল রাকসামকে শাকিল আহাদ তপু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহামেডানের জোরালো আপত্তির মুখে খানিকটা সময় পেরিয়ে ম্যাচের নবম মিনিটে স্পট কিক থেকে কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন। তবু হাইপ্রেসিং ফুটবলে মোহামেডান ব্যতিব্যস্ত করে রাখে কিংসের রক্ষণ। ফল হিসেবে ২২ মিনিটে আদায় করে নেয় পেনাল্টি। বক্সের ভেতর সাফিউল হাসানকে ফাউল করেন তপু বর্মণ। স্পট কিক নেন মুজাফফর, তবে এবার তার শট দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
পেনাল্টি মিসের হতাশা ভুলে ৩৪ মিনিটে আবারও লিড নেয় সাদা-কালোরা। জাহিদ হাসান শান্তর নিখুঁত কাটব্যাকে পা ছুইয়ে বল জালে পাঠান সৌরভ দেওয়ান। আসরে এটি তার সপ্তম গোল। মোহামেডান উজ্জীবিত থাকলেও ডোরিয়েল্টনকে ফাঁকায় রাখছিল বারবার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। সেই হতাশা মেটাতে অবশ্য বেশি সময় নেননি। ৫০ মিনিটে রাকিবের কাছ থেকে পাওয়া থ্রু বল কাজে লাগাতে আর কোনো ভুল করেননি ডোরিয়েল্টন।
একা পেয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করে ম্যাচে আনেন সমতা। এর পর কিংসের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডানের ডিফেন্স। ম্যাচের ৭৯ মিনিটে মোহামেডানের রক্ষণভাগকে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি কিংসকে ৩-২ গোলে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান গোলমেশিন। দারুণ এই গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি ডোরিয়েল্টন। গা থেকে জার্সি খুলে বুনো ও ভিন্ন রকম এক উদ্?যাপনে মাতেন তিনি। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে আসরে নিজের গোল সংখ্যাকে ১২-তে নিয়ে গেলেন এই ব্রাজিলিয়ান, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
