রাবিতে ২ প্রো-ভিসি নিয়োগ

রাবিতে ২ প্রো-ভিসি নিয়োগ

ফন্ট সাইজ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর আব্দুল আলিম ও ফার্মেসি বিভাগের প্রফেসর মামুনুর রশীদ। আব্দুল আলিম রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং ড. মামুনুর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব রাবি শাখার সভাপতি। বুধবার প্রেসিডেন্টের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী, প্রফেসর আব্দুল আলীমকে প্রো-ভিসি (প্রশাসন) পদে এবং প্রফেসর মামুনুর রশীদকে প্রো-ভিসি (শিক্ষা) পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তগুলোর মধ্যে রয়েছে তাদের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে, উপর্যুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন, তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বর্তমান প্রো-ভিসিদ্বয়ের নিয়োগ বাতিল প্রসঙ্গে দুই পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের (ঙ) নং শর্তানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ মইন উদ্দিন ও প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন খানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেয়া হলো। এ ছাড়াও প্রজ্ঞাপন তাদের নিজ বিভাগে যোগদানের অনুমতি দেয়া হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন