চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবারের বৈঠক শেষে নিজেদের সম্পর্ককে ‘অটুট’ ও ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়েছেন।
বৈঠক শেষে শি বলেছেন, বেইজিং ও মস্কোর সম্পর্ক ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অন্যদিকে পুতিন দুই দেশের সম্পর্ককে অভূতপূর্ব উচ্চ স্তরের বলে অভিহিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরো মাত্রার অভিযান শুরু করে রাশিয়া। ওই সময়ের পর থেকে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন-শি প্রথম দিনেই বাণিজ্য, জ্বালানি ও গণমাধ্যম খাতে একাধিক চুক্তিতে সই করেছেন। এছাড়া উভয় দেশ সম্পর্ক আরও জোরদারের কথা বলেছে।
বৈঠক শেষে উভয় নেতাই যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন। ওয়াশিংটনকে ইঙ্গিত করে শি জিনপিং বিশ্বে ‘একতরফা ও আধিপত্যবাদী প্রবণতা’ বাড়ছে বলেও সতর্ক করেন। এ ছাড়া হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে দুই দেশ।
এদিন দুই নেতাই আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে ‘একতরফাভাবে’ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া বৈঠক শেষে রাশিয়া ও চীন যৌথ ঘোষণায় সতর্কবার্তা দিয়েছে। দেশ দুইটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব আবারও ‘জঙ্গলের আইনের’ দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পুতিন ও শি’র বৈঠকের পর প্রকাশিত ঘোষণায় বলা হয়, ঔপনিবেশিক যুগের মানসিকতা নিয়ে কিছু দেশের বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়েছে।
পরবর্তী সময়ে চীন ও রাশিয়া তাদের যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনার নিন্দা জানিয়েছে।
