ইউনিসেফ সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে একাধিকবার অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের বিষয়ে সতর্ক করেছিল। শুধু তাই নয় ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়-প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।
বুধবার ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, তবে এখন আশার আলো দেখা যাচ্ছে। কারণ ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে। টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানান রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে।
টিকার মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়। উল্লেখ্য, চলতি বছর হামে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর বেশির ভাগই শিশু। ইতিমধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।
