দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতাই উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন।
বুধবার (২০ মে) দেশ দুইটির নেতারা বলেন, কৌশলগত সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য তারা কাজ করছেন।
রয়টার্স জানিয়েছে, গ্যাস সরবরাহের একটি চুক্তি সম্পন্ন করার জন্য পুতিন চেষ্টা চালাচ্ছেন।
এদিন পুতিন বলেন, রাশিয়া চীনকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত এবং দুই দেশের সম্পর্ক এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পাওয়ার অফ সাইবেরিয়া ২’ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে চীনের সঙ্গে একটি সাধারণ বোঝাপড়া রয়েছে। কিন্তু এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে এখনো সমঝোতায় আসতে হবে এবং এতে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
এর আগে শি গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি সম্মাননা ও তোপধ্বনির মাধ্যমে পুতিনকে স্বাগত জানান।
সেই সময় শিশুরা চীন ও রাশিয়ার পতাকা নাড়াচ্ছিল।
