শান্তর চোখ এবার অস্ট্রেলিয়া সিরিজে

শান্তর চোখ এবার অস্ট্রেলিয়া সিরিজে

ফন্ট সাইজ:

ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জয়কে পেছনে ফেলে তিনি এখন থেকেই চোখ রাখছেন আগামী অস্ট্রেলিয়া সফরে। বিদেশের মাটিতেও সাফল্যের এই ধারা ধরে রাখাই এখন শান্তর মূল লক্ষ্য।


পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর শান্ত সব কৃতিত্ব দিয়েছেন ক্রিকেটারদের। তিনি বলেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দের, তারা দারুণ কঠোর পরিশ্রম করেছে। দল গঠনের জন্য আমরা কিছু পরিবর্তন এনেছি। বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে দেখবেন, শক্তিশালী দল গড়তে হলে কিছু পরিবর্তন আনতেই হয়। আশা করি, আমরা সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।
ভালো উইকেট এবং সুনির্দিষ্ট পরিকল্পনাই এই সাফল্যের চাবিকাঠি বলে জানান অধিনায়ক। কন্ডিশন ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘কিউরেটর ও খেলোয়াড়দের প্রশংসা করতেই হবে। আমাদের প্রস্তুতি খুব ভালো ছিল, যা এই কন্ডিশনে দারুণ কাজে দিয়েছে। বিশেষ করে পেসাররা তীব্র গরম এবং ফ্ল্যাট উইকেটেও অসাধারণ বল করেছে। আমরা সবসময়ই পেস আক্রমণে এমন উন্নতি চেয়েছিলাম। এছাড়া দলের ভেতর ভালো পার্টনারশিপ হচ্ছে এবং শেষদিকের ব্যাটসম্যানরাও রান পাচ্ছে।’
পরবর্তী টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে। সেই কঠিন পরীক্ষা প্রসঙ্গে শান্ত জানান, বিগত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ বিদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলেছে। চলতি বছর আরও কিছু চ্যালেঞ্জিং সফর রয়েছে যা দলকে নতুন অভিজ্ঞতা দেবে। নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে শান্ত বলেন, ‘আমরা যদি আমাদের স্বাভাবিক ভালো খেলাটা খেলতে পারি, তবে অস্ট্রেলিয়ার মাটিতেও ভালো কিছু করা সম্ভব, ইনশাআল্লাহ।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন