ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আগামী ২৪শে জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)। ২০২৫ সালের এপ্রিল থেকে ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে পাকিস্তান। ওই সময় ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়ে যায়। ভারত ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তোলে। তবে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করে একটি নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেয়। তাতে রা করেনি ভারত। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
সোমবার জারি করা নতুন নোটাম-এ বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত সব বিমানের জন্য বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা শুধু যাত্রীবাহী নয়, বরং ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, লিজ নেয়া বা পরিচালিত সব ধরনের বিমান, এমনকি সামরিক বিমানের ওপরও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞাটি পাকিস্তানের দুটি ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন করাচি ও লাহোর উভয়ের ওপর কার্যকর থাকবে। এর আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে তা আবার বাড়ানো হয়েছে।
এই আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় এয়ারলাইন্সগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার গন্তব্যে ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। ফলে সময় ও জ্বালানি খরচ দুটোই বেড়ে গেছে।
