সমন্বিত রেগুলেশনের জন্য সরকার দেশে একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সমপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ নিয়ে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ক্ষমতাসীন বিএনপি সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় তিনি সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন।
সমন্বিত রেগুলেশনের মধ্যে রাখতে গণমাধ্যম কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ও বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিতেও এটি বলা হয়েছে। তারা সেই লক্ষ্যে এগোতে চান। অগ্রগতি হচ্ছে, সব অংশীজনই এখন এই লক্ষ্যের সঙ্গে যৌথ যাত্রার মধ্যে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জুন মাসের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। আগামী জুলাইয়ের মধ্যে সরকারের কাছে এই প্রস্তাব দেয়া সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেছেন, সম্পাদকদের একটি অংশ সেদিনের আলোচনায় উল্লেখ করেছেন যে, যারা মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন, তাদের মধ্যেই অনেকে আবার অপসাংবাদিকতার বিষয়টিও স্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের অপসাংবাদিকতার কারণে দেশে বিভিন্ন সময় অরাজকতা তৈরি হয়েছে।
তিনি বলেন, সমস্যা হলো- বর্তমানে অপসাংবাদিকতাকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করার মতো সুস্পষ্ট আইনগত কাঠামো নেই। ফলে যেসব ঘটনায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে, অনেক সময় তারা ভিন্ন আইন ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে প্রকৃত অপরাধকে যথাযথ আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, “আমি বিনীতভাবে বলতে চাই, একদিকে যেমন মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের রক্ষা করার বিষয় আছে, তেমনি অপসাংবাদিকতার কারণে যে নৈরাজ্য তৈরি হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত অপরাধে যারা জড়িত, তাদের বিষয়েও আলোচনায় এসেছে। কিন্তু এসব বিষয়কে সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনার ঘাটতি রয়েছে।
তিনি জানান, এ বিষয়ে সরকার পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।
