কুমিল্লায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ আবদুস সালামের

ফন্ট সাইজ:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী মধ্যপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আবদুস সালাম, আব্দুল কাদের রাজিব ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে আবদুস সালাম বলেন, কয়েকটি গণমাধ্যমে ভুল, বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য উপস্থাপন করে তাকে ও তার বেয়াই আব্দুল কাদের এবং রাজিবকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি প্রকাশিত এসব সংবাদের তীব্র প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, কুচাইতলী মধ্যপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা, জোর-জুলুম, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ ভবন নির্মাণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জেরে গোলাম মোস্তফা ও তার ভাগিনা পরিকল্পিতভাবে একপাক্ষিক বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন, যাতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা যায়।

তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াধীন। এ অবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তারা। প্রতিবাদ সভায় অভিযুক্তরা বলেন, তারা কখনোই গোলাম মোস্তফা বা তার পরিবারের ওপর হামলা, ভাঙচুর কিংবা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেননি। বরং প্রতিপক্ষই বিভিন্ন সময়ে উসকানিমূলক আচরণ ও অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তারা।

এসময় অবৈধভাবে সাততলা ভবন নির্মাণের অভিযোগও অস্বীকার করেন আবদুস সালাম। তিনি বলেন, ভবন নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যথাযথ কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউএনও কার্যালয়ের একটি কাগজও উপস্থিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।

প্রতিবাদ সভায় আরও বলা হয়, রাজিবের বিরুদ্ধে দায়ের করা একটি অভিযোগ আদালত খারিজ করে দিয়েছেন। এছাড়া থানায় অভিযোগ দেওয়ার পর উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা। তারা আরও বলেন, চলমান বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যার ফলে তাদের পরিবার সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন