নাটকীয়তার পর কিংস অ্যারেনাতে ফেড কাপের ফাইনাল

নাটকীয়তার পর কিংস অ্যারেনাতে ফেড কাপের ফাইনাল

ফন্ট সাইজ:

ভেন্যু পরিবর্তন নিয়ে মোহামেডানের অনড় অবস্থান, আর ফাইনাল বাতিল করে মোহামেডানকে ট্রফি দিয়ে দেয়ার ব্যাপারে বসুন্ধরা কিংসের চিঠি কোনোটিই আমলে নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশন তাদের পূর্বনির্ধারিত ভেন্যুতেই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে। বহু নাটকীয়তার পর বাফুফে জানিয়েছে, স্থগিত হওয়া ফাইনাল ম্যাচটি আজ বিকাল সাড়ে ৫টায় বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামেই হবে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ভেন্যু জটিলতায় খাদের কিনারায় গিয়ে ঠেকেছিল ফেডারেশন কাপের ভাগ্য।

কিংস অ্যারেনায় খেলতে মোহামেডান স্পোর্টিং ক্লাব অনড় আপত্তি করেছিল। আগের দিন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভা করেও অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন ক্লাবটির ডিরেক্টর স্পোর্টস মোস্তাকুর রহমান। গতকাল সকালে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি না খেলার সিদ্ধান্ত জানিয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিল বসুন্ধরা কিংস। শুধু খেলা বর্জনই নয়, প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি ও মেডেল দিয়ে দেয়ারও দাবি জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাফুফেকে পাঠানো চিঠিতে বসুন্ধরা কিংস স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘বসুন্ধরা কিংস ট্রফির চেয়ে সম্মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা বিশ্বাস করি এই পরিস্থিতিতে আর তেমন কোনো সম্মান অবশিষ্ট নেই, তাই আমরা ফাইনাল ম্যাচটি বাতিল করার এবং ফাইনালের অন্য দলটিকে চ্যাম্পিয়নের মেডেল দেয়ার অনুরোধ জানাচ্ছি।’ মোহামেডানের পূর্ববর্তী আপত্তির দিকে ইঙ্গিত করে চিঠিতে কিংস আরও মনে করিয়ে দেয় যে, চলতি ২০২৫-২৬ মৌসুমে তারা মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একাধিক ম্যাচ (চ্যালেঞ্জ কাপ ও বিএফএল) খেলেছে। সেখানে সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকা সত্ত্বেও ফুটবলের স্বার্থে কোনো জটিলতা তৈরি করেনি কিংস। কিন্তু কিংস অ্যারেনায় ফাইনাল খেলা নিয়ে মোহামেডানের আপত্তি এবং পরবর্তীতে বাফুফের ব্যর্থ সমঝোতা পুরো ফুটবল ইকোসিস্টেমকে প্রশ্নবিদ্ধ করেছে।

এর আগে কিংস অ্যারেনায় খেলতে না চেয়ে গত ১২ই মে বাফুফের কাছে চিঠি পাঠায় মোহামেডান। এই সংকট সমাধানে সোমবার রাতে মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ ভুলুর বাসায় যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে মোহামেডান সভাপতিকে কিংস অ্যারেনাতে ফাইনাল খেলার অনুরোধ করেন বাফুফে বস। দু’টি শর্ত দিয়ে কিংস অ্যারেনাতে খেলতে রাজি হয় মোহামেডান। যার একটি হচ্ছে নিরাপত্তা, আরেকটি হলো কার্যনির্বাহী কমিটির সভা করে মোহামেডানকে অনুরোধ করা। মোহামেডান ইস্যু নিয়ে গতকাল কার্যনির্বাহী কমিটির জরুরি সভা করে বাফুফে। সেখানে কিংস অ্যারেনাতে ম্যাচে সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে মোহামেডানকে ম্যাচ খেলার অনুরোধ জানিয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে মোহামেডানের ডাইরেক্ট ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের সভাপতিকে অনুরোধ করেছেন। আমরা ফুটবলের স্বার্থে খেলতে রাজি হয়েছি।

তবে আমরা অতীতের সকল ঘটনা মনে করিয়ে ফাইনাল ম্যাচে সকল ধরনের নিরাপত্তা চেয়েছি। বাফুফে সভা করে আমাদের অনুরোধ করেছে। পাশাপাশি সকল নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে। এ কারণেই আজ আমরা কিংস অ্যারেনাতে খেলতে রাজি হয়েছি।’ এবারে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি কিংসের সামনে। গত মৌসুমে আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল কিংস। আগের মৌসুমে মোহামেডানকে ফাইনালে হারিয়েছিল দলটি। তবে ২০২২-২৩ মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন