যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক হচ্ছেন হামজাদের নতুন কোচ!

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক হচ্ছেন হামজাদের নতুন কোচ!

ফন্ট সাইজ:

রোববার জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে এসে ক্রিস কোলম্যানকে না পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। সোমবার ওয়েলস জাতীয় দলের এই সাবেক কোচের বিষয়ে ফুলস্টপ টানেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, কোলম্যানের এজেন্ট অতিমাত্রায় অর্থ দাবি করছে। যা মিটিয়ে তাকে কোচ হিসেবে নিয়োগ দেয়া সম্ভব না। তখনই তাবিথ দ্রুত বিকল্প কাউকে নিয়োগ দেয়ার কথা বলেন।

বিকল্প তালিকায় সবার উপরে ছিল দু’টি নাম একজন জার্মান কোচ ব্রেন্ড স্টোকস ও অপরজন যুক্তরাষ্ট্রের টমাস ঢুলি। স্টোকস কোচ হিসেবে বেশ হাইপ্রোফাইল। এই দু’জনকে সামনে রেখেই গতকাল সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সেই সভায় যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক অধিনায়ক টমাস ঢুলিকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দ্রুতই চুক্তি হতে পারে। স্টোকস কোচ হিসেবে বেশ হাইপ্রোফাইল ছিলেন। কোলম্যানের চেয়ে সম্মানী কম দাবি করেছিলেন স্টোকস। এরপরও নানা বিবেচনায় ঢুলির দিকে যাচ্ছে ফেডারেশন। টমাস ঢুলি গায়ানা ফুটবল দলের কোচ ছিলেন। সাফল্য ও চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও তিনি সেখান থেকে গত সপ্তাহে পদত্যাগ করেন। ওই সময় থেকে আলোচনা ঢুলি বাংলাদেশের কোচ হতে পারেন। কারণ তিনি বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছে। ঢুলির খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। যুক্তরাষ্ট্রের হয়ে দুই বার বিশ্বকাপ খেলেছেন।

১৯৯৮ সালে তিনি আমেরিকার অধিনায়ক ছিলেন। কোচ হিসেবে তার এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফিলিপাইনকে নিয়ে দুই মেয়াদে ছয় বছর কোচিং করিয়েছেন। এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন হাভিয়ের কাবরেরা। শেষ চার বছর জামাল-তপুদের ডাগআউট সামলেছেন এই স্প্যানিশ কোচ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন