জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন সাব্বির

জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন সাব্বির

ফন্ট সাইজ:

জাতীয় দলের হয়ে চার বছর আগে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন সাব্বির রহমান। এরপর লম্বা সময় ধরে ফেরার অপেক্ষায় তিনি। ঘরোয়া ক্রিকেটে আলো কেড়ে সেই অপেক্ষা ফুরাবার লক্ষ্য ডানহাতি এ হার্ডহিটার ব্যাটারের। ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে। এরইমধ্যে ব্যাট হাতে দু’টি কার্যকর অর্ধশতক হাঁকিয়েছেন সাব্বির। গত সপ্তাহে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জেতানো এক অপরাজিত ফিফটি পেয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশ ক্রিকেট লীগেও (বিসিএল) উজ্জ্বল ছিলেন সাব্বির। ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করেই আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন সাব্বির।

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি ব্যাটার পাখির চোখ করেছেন ওয়ানডে ফরম্যাটকে। বর্তমানে জাতীয় দলের মিডল অর্ডারে যে কিছুটা শূন্যতা ও রান খরা চলছে, তা নিজের অভিজ্ঞতা দিয়ে পূরণ করতে চান সাব্বির। জাতীয় দলে ফেরার এই লড়াইয়ে সাব্বিরের সঙ্গে আছেন সতীর্থ ও আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির বলেন, ‘জাতীয় দলে যে-ই সুযোগ পাক না কেন, মূলকথা হলো দল যেন ভালো করে। আমি সুযোগ পাই কিংবা মোসাদ্দেকÑ সেটা বড় বিষয় নয়। তবে আমার লক্ষ্য অবশ্যই জাতীয় দল। সেই উদ্দেশ্যেই ভালো খেলার চেষ্টা করছি। এবার না হলে পরের বার হবে, পরের বার না হলে তারপরে। যতদিন পর্যন্ত আমার ক্রিকেট ক্যারিয়ার আছে, ইনশাআল্লাহ্ আমি হাল ছাড়বো না।’ জাতীয় দলের মিডল অর্ডারের আরেক দাবিদার এবং আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতেরও ভূয়সী প্রশংসা করেন সাব্বির। তিনি বলেন, ‘মোসাদ্দেক তো প্রায় ১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে। আবাহনী ক্লাবটা ওর নখদর্পণে। আর আবাহনীতে এটা আমার মাত্র দ্বিতীয় বছর। দলনেতা হিসেবেও দুর্দান্ত, সবাইকে মাঠে নিজের মতো খেলার স্বাধীনতা দেয়। ও নিজেও এখন খুব ভালো ফর্মে আছে এবং মিডল অর্ডারে দারুণ অবদান রাখছে।’ নিজের বর্তমান ফর্ম ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রাজশাহীর এই ক্রিকেটার বলেন, ‘আমি সব সময়ই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, মাঝে হয়তো পারফরম্যান্সে কিছুটা চড়াই-উতরাই গেছে।

তবে আলহামদুলিল্লাহ্, এখন ভালো হচ্ছে। যে ম্যাচগুলো খেলছি, অবদান রাখার চেষ্টা করছি।’ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে কেন তাকে নিয়মিত দেখা যায় না, তারও একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন সাব্বির। তিনি বলেন, ‘আমি রাজশাহীর ছেলে, তাই নিজ এলাকাতেই বেশি অনুশীলন করি। ওখানে খোলা মাঠে সময় নিয়ে মন ভরে প্র্যাকটিস করার সুযোগ থাকে। মিরপুরে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে, ফলে পর্যাপ্ত সময় পাওয়া যায় না। রাজশাহীতে নিবিড়ভাবে কাজ করার ফল এখন মাঠে পাচ্ছি। সামনে আরও ভালো ক্রিকেট খেলার চেষ্টা থাকবে।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন