মিরপুর স্টেডিয়ামে বসলো মেয়েদের ‘অনার্স বোর্ড’

ফন্ট সাইজ:

ক্রিকেট সংস্কৃতির দীর্ঘদিনের এক ঐতিহ্যের নাম ‘অনার্স বোর্ড’। হোম অব ক্রিকেট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল ভবনের প্রবেশদ্বারে এতদিন কেবল পুরুষ ক্রিকেটারদের কীর্তিগাঁথা শোভা পেতো। এবার সেখানে যুক্ত হলো দেশের নারী ক্রিকেটারদের নাম। বিসিবি’র এডহক কমিটির প্রধান তামিম ইকবাল গতকাল নারী ক্রিকেটারদের জন্য এই আলাদা অনার্স বোর্ড স্থাপনের ঘোষণা দিয়েছেন। ক্রিকেট মাঠে সেঞ্চুুরি করা কিংবা এক ইনিংসে ৫ উইকেট নেয়ার মতো অনন্য কীর্তিগুলোকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামের প্যাভিলিয়ন বা ড্রেসিংরুমের দেয়ালে স্থায়ীভাবে এই অনার্স বোর্ড তৈরি করা হয়।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, ‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল ভবনের প্রবেশদ্বারের একপাশের দেয়ালে পুরুষ ক্রিকেটারদের অনার্স বোর্ড রয়েছে। তবে নারী দলের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না। তাদের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে তারা এই বিষয়টি নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছিল। এখন একই প্রবেশদ্বারের অন্যপাশের দেয়ালে নারীদের জন্যও একটি অনার্স বোর্ড স্থাপন করা হয়েছে, যা তাদের প্রাপ্য ছিল।’ নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান মূল্যায়নের তাগিদ দিয়ে তামিম লেখেন, ‘নারী দল হোক বা পুরুষ দল, প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটার। সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আমরা সবাই মিলেই বাংলাদেশ ক্রিকেট।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন