গুরুতর আহত নয়, শুধু কানের পেছনে সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তেহরান একই সঙ্গে আরও দাবি করেছে যে, মোজতবা এখন পুরোপুরি সুস্থ আছেন। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
এর আগে খবর চাউর হয়, বিমান হামলায় গুরুতরভাবে আহত হয়েছিলেন মোজতবা। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ও পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছিলেন, মোজতবার মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন। ইতিমধ্যে তার পায়ে তিনটি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি একটি কৃত্রিম অঙ্গের জন্য অপেক্ষা করছেন।
তবে এসব খবর সরাসরি প্রত্যাখ্যান করে মোজতবা খামেনির পুরোপুরি সুস্থ থাকার কথা জানালো ইরান।
ফার্স নিউজ বলেছে, আল্লাহর কৃপায় মোজতবা খামেনি সুস্থ আছেন। শত্রুপক্ষ সকল ধরনের গুজব এবং ভুয়া খবর ছড়াচ্ছে।
এতে আরও বলা হয়েছে, তারা মোজতবা খামেনিকে দেখতে এবং খুঁজে পেতে চায়। কিন্তু জনগণকে ধৈর্য ধরতে হবে। যখন সঠিক সময় আসবে তখনই তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন।
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রটোকল মহাপরিচালক মাজাহার হোসেইনি বলেন, খামেনির শুধু কানের পেছনে ছোট একটি আঁচড় আছে।
এ ছাড়া সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির আধা-সামরিক সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, খামেনির গুরুতর কিছু হয়নি।
