রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন

রয়টার্স এক্সক্লুসিভ

রুশ সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন

ফন্ট সাইজ:

চীনের সশস্ত্র বাহিনী গোপনে অন্তত ২০০ রাশিয়ান সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। গত বছরের শেষ নাগাদ এসব রুশ সেনাকে চীনে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে কিছু সেনা ইউক্রেনের বিরুদ্ধে এখন যুদ্ধ করছে। তিনটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুরো মাত্রার অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশ দুইটির মধ্যে যুদ্ধ চলছে। সেই সময় থেকে কয়েক দফায় চীন ও রাশিয়ার মধ্যে সামরিক মহড়া হয়েছে।
চীন বারবার দাবি করেছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে। এবং দেশটি নিজেকে শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরে আসছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২ জুলাই বেইজিংয়ে শীর্ষ রুশ ও চীনা সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি দ্বিভাষিক (রুশ-চীনা) সামরিক চুক্তি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রুশ সেনাদের প্রশিক্ষণ দেয় চীন। ওই প্রশিক্ষণে ড্রোন ব্যবহারের কৌশলে গুরুত্ব দেয়া হয়।
ওই চুক্তি পর্যালোচনা করে রয়টার্স বলেছে, বেইজিং ও দেশটির পূর্বাঞ্চলীয় শহর নানজিংসহ বিভিন্ন স্থানের সামরিক স্থাপনাগুলোতে অন্তত ২০০ রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়া হবে। সূত্রগুলো জানিয়েছে, পরবর্তীতে প্রায় একই সংখ্যক রুশ সেনা চীনে গোপনে প্রশিক্ষণ নিয়েছে।

এ ছাড়া ওই চুক্তি অনুযায়ী শত শত চীনা সেনা রাশিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নেবে।

একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনাদের অপারেশনাল ও ট্যাকটিক্যাল পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যারা পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে। তার মতে, এর ফলে ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে চীন আগের তুলনায় অনেক বেশি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সকে কোনো সাড়া দেয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ও বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন