এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

এবার ‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

ফন্ট সাইজ:

ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ড নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার রাজ্য সরকার দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে চিকেনস নেকের অনেকটা জমি হস্তান্তর করেছে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত তৃণমূল কংগ্রেস সরকার এক বছর ধরে টালবাহানা করলেও নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেই ‘যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য’ ওই অঞ্চলের সাতটি সড়ক ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের হাতে তুলে দিয়েছে।

জানা যায়, এতদিন পর্যন্ত রাজ্য সরকারের পূর্ত দপ্তরের হাতেই এই সড়কগুলো দেখভালের দায়িত্ব ছিল। এই সাতটি সড়কের মধ্যে পাঁচটিই সরাসরি শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে গেছে।
বিশেষজ্ঞরা জানান, এখন এই হস্তান্তরের ফলে রাস্তাগুলোর সম্প্রসারণ, মেরামতির কাজ দ্রুত শুরু হবে। সামরিক পর্যবেক্ষকদের মতে, রাস্তার সম্প্রসারণ হলে ওই অঞ্চলে সড়কপথে সামরিক অভিযান অনেক সহজ এবং দ্রুত হবে।

ভৌগোলিক দিক থেকে চিকেনস নেকের অবস্থান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ, তিনটি আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত এই ভূখণ্ডটি সবচেয়ে সরু যেখানে– তার দৈর্ঘ্য মাত্র ২২ কিলোমিটার। এই ‘চিকেনস নেক’ নেপাল, বাংলাদেশ ও ভূটান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।

এই সরু ভূখণ্ডটি উত্তর-পূর্বের সেভেন সিস্টারস বা সাতটি রাজ্যের সঙ্গে বাকি দেশকে জুড়ে রেখেছে। এই অঞ্চলটির লাগোয়া সিকিমের উত্তরে রয়েছে আরেক প্রতিবেশী দেশ চীন।
বিশেষজ্ঞরা জাতীয় সুরক্ষার দিক থেকেও এই পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন