স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধিদলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে উভয় প্রতিনিধিদলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আইএলও’র কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারি আরো জোরদার করা প্রয়োজন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অপরদিকে, চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নির্মাণ খাত এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা গুরুত্ব পায়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
