স্কালোনির বিশেষ পরিকল্পনা ও আর্জেন্টিনা স্কোয়াডে সম্ভাব্য চমক

২০২৬ বিশ্বকাপ

স্কালোনির বিশেষ পরিকল্পনা ও আর্জেন্টিনা স্কোয়াডে সম্ভাব্য চমক

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে বাকি কেবল সপ্তাহখানেক। এর মধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বেশ কয়েকটি দল। কিছুদিন আগে ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করা আর্জেন্টিনা অবশ্য এখনই তাড়া দেখাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আগামী ২৪শে মে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১১ই জুন পর্দা উঠছে বিশ্বকাপের। এরপর ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টাইনদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তবে মূল মঞ্চে নামার আগে বিশেষ এক কৌশলগত পরিকল্পনা সাজাচ্ছেন দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ৩০শে মে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২৬ জনের মূল স্কোয়াড চূড়ান্ত করার আগে চলতি মাসের শেষ সপ্তাহে এজেইজায় বেশ কিছু অতিরিক্ত খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু করবেন স্কালোনি। কাতার বিশ্বকাপে শেষ মুহূর্তের চোটের কারণে নিকো গঞ্জালেজ ও হোয়াকিন কোরেয়াকে হারিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, সেসবের পুনরাবৃত্তি চান না তিনি।

স্কালোনি বলেন, ‘চোট ধাক্কা সামলাতে অতিরিক্ত খেলোয়াড় রাখা জরুরি। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে ছুটির দিনে থাকা খেলোয়াড়দের জরুরি ভিত্তিতে দোহায় উড়িয়ে আনতে হয়েছিল। এবার আমরা সবদিক থেকে প্রস্তুত থাকতে চাই।’ এই পরিকল্পনার অংশ হিসেবে স্কোয়াডে, বিশেষ করে আক্রমণভাগে বড় চমক আসতে পারে। ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকা অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমার তরুণ ফরোয়ার্ড মাতিয়াস সুলেকে মূল স্কোয়াডের চূড়ান্ত লড়াইয়ে পরখ করে দেখতে পারেন স্কালোনি।

বিশ্বকাপের মূল অভিযান শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৬ই জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ই জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দলের মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপে খেলার বিষয়ে এখনও কোনো পক্ষই নিশ্চিতভাবে কিছু জানায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন