বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদকে অফিসে মব সৃষ্টি করে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার তিনি নিজেই এই অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসাবে দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। এসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?
বাসস সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক রহিম উদ্দিন বাসস এমডির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাসসের বিভাগভিত্তিক সকল পর্যায়ের কর্মী এমডির অধীনে কাজ ও দায়িত্ব পালনে সরাসরি অনাস্থা প্রকাশ করেছে এবং বিষয়টি বিনয়ের সঙ্গে তাকে জানানো হয়েছে। এমডি কার্যালয় থেকে ‘মন্ত্রণালয়ে যাবো’ বলে বের হওয়ার পরই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। পরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে বিএনপি’র নাম জড়িয়ে পোস্ট দেয়া হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও শাস্তিযোগ্য।
সূত্র জানায়, বাসস সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এমডি’র অধীনে কাজ না করার কথা সরাসরি জানান। এ সময় বাসসে উত্তেজনা সৃষ্টি হয়। এমডিকে গালমন্দও করা হয়। নানাভাবে অপমান ও নাজেহাল করার অভিযোগ উঠেছে। একপর্যায়ে এমডিকে জোরপূর্বক অফিস থেকে বের করে দেয়া হয়। এমডি যখন অফিস থেকে গাড়ি নিয়ে বের হতে চান, তখন তাকে গাড়ি নিতে বাধা দেয়া হয়।
এদিকে, গত ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ ২৫ সদস্যের কমিটি করে। এই কমিটি বাসসের সংকট সমাধানে উদ্যোগ নেবে এবং কর্মীদের সমন্বিত মতামত নিয়ে কাজ করবে বলে জানিয়েছে।
বাসস এমডিকে ‘মব’ করে অফিস থেকে বের করে দেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
