ডিবির হারুনের রিসোর্টের এমডির আয়কর নথি জব্দের নির্দেশ

ডিবির হারুনের রিসোর্টের এমডির আয়কর নথি জব্দের নির্দেশ

ফন্ট সাইজ:

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের পরিবারের মালিকানাধীন ‘প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের তদন্ত কর্মকর্তারা আদালতে জানান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ভাই এ বি এম শাহারিয়ার প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের মুখে রয়েছেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে হারুন অর রশীদ তাকে সহযোগিতা করেছেন। তদন্তের স্বার্থে শাহারিয়ারের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়।

কিশোরগঞ্জের হাওর এলাকায় প্রায় ৪০ একর জমির ওপর গড়ে ওঠা ‘প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড’ নিয়ে এর আগেও আলোচনায় আসে। সরকার পতনের পর জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট সিআইসি সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন নথি ও কম্পিউটার জব্দ করে।

সে সময় সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছিলেন, হারুনের স্ত্রী, মা, ভাই ও শ্যালক রিসোর্টটির পরিচালক। পাশাপাশি আশপাশের বহু জমি দখল ও জোরপূর্বক নেওয়ার তথ্যও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আলোচিত এই পুলিশ কর্মকর্তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন