হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন এক সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। নতুন এই সংস্থা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, শুল্ক আদায়, নিরাপত্তা নিশ্চিত করার সহ সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবে। সংস্থাটির নাম রাখা হয়েছে পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পার্সিয়ান গাল্ফ স্ট্রেইট অথরিটি,পিজিএসএ)।
সোমবার ইরানের নিরাপত্তা পরিষদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলে, নতুন এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালির কার্যক্রম ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করবে। ইরানের রেভ্যুলুশনারি গার্ড করপসের ( আইআরজিসি) নৌ শাখাও একই পোস্ট প্রচার করেছে। নতুন সংস্থাটির সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
তবে চলতি মাসের শুরুতে ইরানের প্রেস টিভি জানায়, এমন একটি সংস্থা গঠন করা হবে যারা হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নতুন নিয়মাবলিও পাঠানো হয়েছে বলে জানানো হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান।
৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বিশ্ববাজারে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন বন্দরের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।
স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে হয়ে থাকে। এছাড়া সার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এই নৌপথ ব্যবহৃত হয়। সংঘাত শুরুর পর ইরান বারবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আর আগের অবস্থায় ফিরবে না। গত মাসে ইরান দাবি করে, প্রণালি পার হতে তাদেরকে শুল্ক দিয়েছে একটি দেশ। শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি কাঠামোগত ব্যবস্থা প্রস্তুত করেছে ইরান এবং তা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
