সংক্ষিপ্ত সফরে গিয়ে ওয়াশিংটন, ডি.সিতে ব্যস্ত সময় পার করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি । স্থানীয় সময় সোমবার (১৮ মে) সফরকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের (ডিপার্টমেন্ট অব স্টেট) ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্ব, মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে বৈঠক মিলিত হোন ।
ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরের সাথে বৈঠককালে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ঊর্ধ্বমুখী গতিধারায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাঁরা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই ক্রমবর্ধমান সম্পর্কের গতিশীলতা বজায় রাখতে তাঁরা নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের গুরুত্বের ওপর জোর দেন।
বৈঠকের আগে ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম)-এর কার্যালয়ে সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু ভেপ্রেক-এর সাথে অপর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে রোহিঙ্গা সংকটে ধারাবাহিক সহায়তার জন্য প্রতিমন্ত্রী মার্কিন সরকারকে ধন্যবাদ জানান।
মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম ওয়াশিংটন, ডি.সি.-তে আইআরআই-এর সদর দপ্তরে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রেসিডেন্ট ড. ড্যানিয়েল টুইনিং-এর সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য প্রতিমন্ত্রী আইআরআই-এর প্রশংসা করেন।
পরবর্তীতে, বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়াশিংটন, ডি.সি.-ভিত্তিক শীর্ষস্থানীয় থিংক ট্যাংক 'আটলান্টিক কাউন্সিল'-এ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন প্রতিমন্ত্রী। গোলটেবিল বৈঠক শেষে প্রতিমন্ত্রী আটলান্টিক কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস জেনা বেন-ইহুদার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
সবগুলো অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর, আইআরআই ও আটলান্টিক কাউন্সিলের কর্মকর্তারা স্ব-স্ব প্রতিনিধিদের সহায়তা করেন।
