বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। গত তিন মাসে পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে- এমন অভিযোগ নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়।’ তিনি বলেন, ‘অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ ‘আমরা আশা করছি আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র?্যাব তার সকল কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে র্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে, যার অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী পরিচালিত হবে।’
তিনি বলেন, ‘র্যাবের নাম পরিবর্তন করা হবে কিনা সরকার সেটি বিবেচনা করছে।
এ ছাড়া এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন হবে কিনা তা এখনো সরকারের বিবেচনায় রয়েছে। তবে যেকোনো এলিট ফোর্সের ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে এবং সেই অনুযায়ী জননিরাপত্তা ও জিন প্রত্যাশা পূরণ হবে।’ মন্ত্রী বলেন, ‘আমরা জানি কিছু সংখ্যক কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান দায় নিতে পারে না। যারা আইনের বাইরে গেছে, তাদের নিজ নিজ আইনের আওতায় এনে জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিষ্ঠান দায়ী না, আইন অনুযায়ী কর্মকর্তারা পরিচালিত হবে। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে বাহিনীটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
ফ্যাসিবাদী সরকার তাদের একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করেছে। সে কারণেই র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখনো বহাল রয়েছে।’ তবে নতুন আইন ও কাঠামোর মাধ্যমে একটি জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠন করা হলে আন্তর্জাতিক মহল বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুম সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যমান আইসিটি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার চেষ্টা চলছে, যাতে গুমের সব ধরনের ঘটনার বিচার সম্ভব হয়।’ মন্ত্রী বলেন, ‘কেউ গুম হয়ে ফিরে এসেছে, কেউ ফেরেনি, কেউ হুমকি পেয়েছে- এসবের আলাদা সংজ্ঞা ও বিচারিক ব্যবস্থা থাকা প্রয়োজন।’
র্যাব ফোর্সেস-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক। র্যাব ফোর্সেস-এর মহাপরিচালক তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে জানান, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সকল আভিযানিক কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে র্যাব ফোর্সেসকে আরও পেশাদার ও যুগোপযোগী করে তুলতে এবং জনগণের আশা ও ভরসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে র্যাব ভবিষ্যতে কাজ করে যাবে। উক্ত উদ্যাপনে গত এক বছরের আভিযানিক সাফল্য ও মানবিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সেনা ও নৌবাহিনীর প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিদেশি অতিথি এবং র্যাব ফোর্সেস-এর সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

000
২ মাস আগেA man is one who possesses the ability to demonstrate his manhood by successfully establishing law and order without restoring to force or weapons!