তদন্তে নতুন মোড়

তনু হত্যা মামলা

তদন্তে নতুন মোড়

ফন্ট সাইজ:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। তনুর মরদেহ উদ্ধারের সময় জব্দ করা এক টুকরো কাপড়ে রক্তের উপস্থিতি এবং তাতে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এ নিয়ে জব্দকৃত কাপড়চোপড়ে মোট চারজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেল। ফলে মামলায় সন্দেহভাজনের সংখ্যা এখন দাঁড়িয়েছে চারজনে।

এর আগে তনুর ওড়না, সালোয়ার ও অন্তর্বাসে ভিন্ন ভিন্ন তিন ব্যক্তির বীর্যের উপস্থিতি শনাক্ত হয়েছিল। সেসব আলামতের বিভিন্ন স্থানে তিনজন ভিন্ন ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলও পেয়েছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত তনুর বাবা ইয়ার হোসেন শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন, ‘আমার মেয়েকে হত্যায় সেনানিবাসের আরও অনেকে জড়িত। তনুর মরদেহ ২০১৬ সালের ২০শে মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউস এলাকার কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। সে সময় ১১ ধরনের আলামত জব্দ করা হয়। সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশে পাঠানো হয়। ১০ বছর পর এসব পরীক্ষার প্রতিবেদন কুমিল্লার আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে দাখিল করেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক (তদন্ত) মো. তরীকুল ইসলাম।

সিআইডি’র ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের ডিএনএ পরীক্ষক নুসরাত ইয়াসমিনের প্রতিবেদন থেকে জানা যায়, তনু হত্যার ঘটনায় মোট ২৪টি আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে নিহত তনুর কালো, লাল ও হলুদ প্রিন্টের কামিজ, বেগুনি রঙের ওড়না, কালো রঙের সালোয়ার, লাল ও হালকা বেগুনি রঙের অন্তর্বাস, তনুর চারটি দাঁত, ভ্যাজাইনাল সোয়াব, ৫ ফুট ও ১০ ফুট লম্বা খাকি ও হলুদ টেপ, পুরুষের একজোড়া ছেঁড়া জুতা, বলপেন এবং এক টুকরো কাপড় ছিল। বাকি ১৩টি নমুনা ছিল সন্দেহভাজন ১৩ ব্যক্তির ডিএনএ প্রোফাইল।
প্রতিবেদনে বলা হয়, ‘ওড়না, সালোয়ার ও আন্ডারওয়্যারে মানুষের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়। এসব আলামতের বিভিন্ন স্থানে তিনজন ভিন্ন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, ‘এক টুকরো কাপড়ে রক্তের উপস্থিতি শনাক্ত করা হয়। তাতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সালোয়ার, ওড়না ও আন্ডারওয়্যারে পাওয়া বীর্যের সঙ্গে এই ডিএনএ প্রোফাইলের মিল নেই।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ‘তনুর দাঁত থেকে একজন নারীর পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। কামিজ ও অন্তর্বাসে মানুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়। এ দু’টি তনুর দাঁতে পাওয়া একজন নারীর পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে।’ অর্থাৎ এগুলো তনুরই রক্ত।
সেইসঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়, ‘কামিজ, অন্তর্বাস, ভ্যাজাইনাল সোয়াব ও কাপড়ে বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি।’ পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম গত ২৩শে এপ্রিল প্রতিবেদনটি হাতে পান এবং ২৫শে এপ্রিল কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে প্রতিবেদনটি দাখিল করে তা নথিভুক্ত করার আবেদন করেন। এর আগে ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেয়া নমুনায় তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য গণমাধ্যমকে জানিয়েছিল এবং তারা সন্দেহভাজন তিনজনকে ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করার তথ্য দিয়েছিল। কিন্তু সে সময় কারও নাম গণমাধ্যমকে জানানো হয়নি। সেইসঙ্গে সন্দেহভাজন তিন ব্যক্তির ডিএনএ নমুনাও সংগ্রহ করে ম্যাচিং করা হয়নি।

আদালতে তলবের পর তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলামের দাখিল করা আবেদনে লেখা ওই সন্দেহভাজন তিন ব্যক্তি হলেন- কুমিল্লা সেনানিবাসে কর্মরত ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সার্জেন্ট বাগেরহাটের মোড়েলগঞ্জের গড়ঘাটার মো. জাহিদুজ্জামান (৩৮), স্ট্যাটিক সিগন্যালের ওয়ারেন্ট অফিসার টাঙ্গাইল সদরের হোগড়া গ্রামের মো. হাফিজুর রহমান (৪২) এবং ২ সিগন্যাল ব্যাটালিয়নের সৈনিক কুমিল্লার বুড়িচংয়ের পীরযাত্রাপুরের গোবিন্দপুর গ্রামের মো. শাহিন আলম (২৭)।
সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলামকে আদালতে তলব করা হয় গত ৬ই এপ্রিল। তিনি আদালতে হাজির হয়ে সন্দেহভাজন ওই তিনজনের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার অনুমতি চাইলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক অনুমতি প্রদান করেন। এরইমধ্যে পিবিআই ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরের ১০৮১ নম্বর বাসা থেকে বর্তমানে অবসরে থাকা ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। গত ২২শে এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হয়, সেইসঙ্গে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম ওই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য পেয়েছেন কি না, তা জানা যায়নি।

সূত্র আরও জানায়, সন্দেহভাজন বাকি দুইজনের একজন বিদেশে এবং আরেকজন ঢাকা বিমানবন্দর এলাকা থেকে লাপাত্তা রয়েছেন।
এদিকে, নতুন এক অজ্ঞাতনামা ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়ার পর মামলার তদন্তে নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। নিহত তনুর বাবা ইয়ার হোসেন বরাবরই অভিযোগ করে আসছেন, ‘সেনানিবাসের মতো সুরক্ষিত স্থানে অনেকেই তার মেয়ে তনু হত্যায় জড়িত।’ ইয়ার হোসেন বলেন, ‘আমার মেয়ে হত্যায় সন্দেহভাজন তিনজন ছাড়াও আরও অনেকে জড়িত। আমি ছয়জনের নাম লিখিতভাবে দিয়েছি। তারা সেগুলো আমলে নেয় না।

গত ১০ বছরে সোহাগী জাহান তনু হত্যা মামলা চারটি তদন্ত সংস্থা ও ছয়জন তদন্ত কর্মকর্তা তদন্ত করেছেন। কিন্তু তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। আদালত তদন্ত কর্মকর্তাকে তলবের পর মামলার তদন্তে গতি আসে এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। আগামী ৮ই জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। সর্বশেষ তদন্ত কর্মকর্তা ঢাকা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরীকুল ইসলাম ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর তদন্তভার গ্রহণ করেন। তিনি গ্রেপ্তার আসামি হাফিজুর রহমান ছাড়া বাকি দুইজন মো. জাহিদুজ্জামান ও শাহিন আলমের দেশ থেকে যাওয়া ও আসার সময় গ্রেপ্তার ও তথ্য প্রদানের জন্য আদালতের অনুমতি চেয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন