স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেয়ার আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ফন্ট সাইজ:

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার, আর সেই কাজ পরিচালিত হবে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের কাজ এমন হতে হবে, যা জনগণের আস্থা বৃদ্ধি করে এবং সরকারের প্রতি বিশ্বাস আরও সুদৃঢ় করে।
ফকির মাহবুব আনাম জানান, তিনি পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে বৈঠক করবেন। প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জেনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এর মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এতে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন