ইরানের ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা ও একটি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ অবসানে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান এক মাসের বেশি সময় ধরে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এতে আশার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। উল্টো সময় যত যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়েই চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সর্বশেষ জানান, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।
অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা ফের যুদ্ধের জন্য প্রস্তুত। সিএনএন, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানো প্রশিক্ষণ দিচ্ছে ইরান সরকার। দেশটির বিভিন্ন শহরে মসজিদ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে নাগরিকদের। তিয়ানা নামে এক তরুণী সিএনএনকে বলেন, আমি দেশ এবং জনগণের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

সিএনএন বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ফের যুদ্ধ শুরু করতে পারে- এই শঙ্কা এখন বহু ইরানির মধ্যে ভর করছে। লন্ডন এবং দুবাইতে বেড়ে ওঠা ফাতিমা নামে একজন বলেন, আমরা জানি এই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা জানি ট্রাম্প আসলে আলোচনায় বসবেন না। সাম্প্রতিক দিনগুলোতে দেশটির বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সিএনএন বলেছে, নারীদেরকে একে-৪৭ রাইফেল চালানোর প্রশিক্ষণ পর্যন্ত দেয়া হচ্ছে।
এ ছাড়া ছোট বাচ্চাদেরকেও শেখানো হচ্ছে অস্ত্রের ব্যবহার। এমনকি ইরানের রাষ্ট্রীয় চ্যানেলগুলোতেও অস্ত্র প্রশিক্ষণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা যায়, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ওফোগ চ্যানেলের উপস্থাপক হোসেইন হোসেইনি লাইভ চলাকালীন স্টুডিওর ছাদে রাইফেল থেকে গুলি চালান।

তিনি ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন মুখোশপরা সদস্যের কাছ থেকে অস্ত্র পরিচালনার পাঠ নিচ্ছিলেন। আরেক ভাইরাল ভিডিওতে দেখা যায়, চ্যানেল ৩-এর উপস্থাপিকা মবিনা নাসিরি দুই হাতে একটি রাইফেল ধরে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ভানাক স্কোয়ার থেকে আমাকে একটি অস্ত্র পাঠানো হয়েছে, যেন আমিও আপনাদের সবার মতো এটি ব্যবহার করতে শিখি। আল জাজিরা জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি শহরের মসজিদে নাগরিকদের অস্ত্র চালানো শেখাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশ রক্ষার জন্য জনগণের প্রস্তুতির অংশ হিসেবে এসব আয়োজন করেছে ইরান। এদিকে দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এলমার্সি বলেছেন, আগামী এক বা দুইদিনের মধ্যে ইরানে ফের যুদ্ধ শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।

আল জাজিরাকে এলমার্সি বলেন, এর কারণ হচ্ছে ইতিমধ্যে ট্রাম্পকে অনেকে অনেক কিছু বলেছেন, যার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নিজের প্রশাসনের লোকজনও রয়েছেন। এই অধ্যাপক আরও বলেন, ট্রাম্প ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন তা তিনি পাননি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।


লিমা

২ মাস আগে

ট্রাম্পের হাতেই হয়তো আমেরিকার পতন হতে পারে যদি আল্লাহ রাজি থাকেন।

মন্তব্য করুন