চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। প্রেসিডেন্টকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বঙ্গভবনের প্রেস উইং এ কথা জানায়।

বিমানবন্দরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, বৃটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কার্যালয়ের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান।

চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন গত ৯ই মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

গত ১২ই মে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে প্রেসিডেন্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় হৃদযন্ত্রে একটি গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে প্রেসিডেন্টের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণকালেও প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নিয়মিত দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ সামারি ও নথি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন। এ ছাড়া সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে প্রেসিডেন্টের একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন