যে রেকর্ড মিস করলেন অনবদ্য লিটন

যে রেকর্ড মিস করলেন অনবদ্য লিটন

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পেলেন লিটন কুমার দাস। এ নিয়ে তৃতীয়বার একই টেস্টে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি পেলেন এ স্টাইলিশ ব্যাটার। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এ কীর্তি গড়েন ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটার। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি গড়েন লিটন। উইকেটকিপার হিসেবে খেলে টেস্টে লিটন ছাড়া বাংলাদেশের আর কেউ এক ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি পাননি। মুশফিকের ডাবল সেঞ্চুরি আছে, কিন্তু অন্য ইনিংসে ফিফটি নেই। আবার এক ইনিংসে সেঞ্চুরি পেলেও অন্য ইনিংসে ফিফটি করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল।

লিটনের সুযোগ ছিল নতুন এক রেকর্ডে নাম লেখানোর। মুমিনুল হক সৌরভ ও বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর তৃতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর। বড় শট হাঁকাতে সেই রেকর্ড ছোঁয়া হয়নি তার। প্রথম ইনিংসে ১২৬ রানের ঝলমলে ইনিংসের পর গতকাল দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফেরেন ৬৯ রানে।

হাসান আলীর করা ৬২তম ওভারের চতুর্থ বলে থার্ড ম্যান দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সৌদ শাকিলের হাতে ধরা পড়েন ডানহাতি এ ব্যাটার। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে দলীয় স্কোর ৪ উইকেটে ১০৬ রান থাকতে ব্যাটিংয়ে নামেন লিটন। এরপর দ্রুত আরো দুই উইকেট হারালোও টাইগারদের ইনিংস মেরামতের দায়িত্ব নেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন লিটন।

পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে মিলে গড়েন ১২৩ রানের জুটি। ২০২১ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ১১৪ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে করেন ৫৯ রান। লিটনের এমন পারফরম্যান্সের পরও পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ। এরপর ২০২৩ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেন লিটন। দ্বিতীয় ইনিংসে করেন ৫২ রান। সেই টেস্টেও জয় পায়নি বাংলাদেশ। হারে ১০ উইকেটে।

এবার অবশ্য ভালো অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের কল্যাণে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২৮তম স্থানে ওঠে এসেছেন। ৩২ ম্যাচে ২২১৫ রান করেছেন লিটন। এই সময়কালে ১২টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের পাঁচটি সেঞ্চুরিই পেয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর। ৩৩ ম্যাচে ২১৪৮ রান করে লিটনের পরে আছেন ভারতের কেএল রাহুল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন