গত শনিবার লীগ শিরোপা নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের। আজ আরেকটি শিরোপা জয়ের মিশনে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির। তবে ভেন্যু জটিলতায় দু’দলের ফাইনালটি আজ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিংসের ঘরের মাঠে ফাইনাল না খেলার কথা বাফুফেকে আগেই চিঠি দিয়ে জানিয়েছিল মোহামেডান।
গতকাল সভাপতির সঙ্গে দেখা করে একই মনোভাবের কথা জানিয়েছে ক্লাবটির কর্মকর্তারা। বাফুফের সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় কার্যত অনিশ্চয়তায় ঢাকা পড়েছে ফেডারেশন কাপের ভাগ্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাইনালের ভেন্যু ঠিক করতে পারেনি বাফুফে।
বৈঠক শেষে বাফুফে ভবন ছাড়ার সময় মোহামেডানের অনড় অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করেন মোস্তাকুর রহমান। কিংস অ্যারেনাকে ‘নিরপেক্ষ ভেন্যু’ মানতে তীব্র আপত্তি জানিয়ে ক্লাবটির ডাইরেক্টর স্পোর্টস বলেন, ‘আমি ক্লাবের অনমনীয় অবস্থান বাফুফে সভাপতিকে স্পষ্ট করে দিয়েছি। কিংস অ্যারেনায় ফাইনাল খেলা আমাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা যেকোনো বিকল্প ও নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছি। এখন বল বাফুফের কোর্টে, তারাই ঠিক করুক কী করবে।’ বৈঠকে উপস্থিত ছিলেন কিংসের কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু। ফুটবলের স্বার্থে তারা যেকোনো ভেন্যুতে খেলতে রাজি।
তিনি বলেন, ‘খেলাধুলার স্বার্থে আমরা যেকোনো ভেন্যুতে, যেমন ধরেন চ্যালেঞ্জ কাপ হয়েছে কুমিল্লায়, সেখানে কিন্তু এটা এটা চ্যালেঞ্জ কাপের মাঠটা হচ্ছে মোহামেডানের ভেন্যু, সেক্ষেত্রে আমরা খেলেছি। আমরা একটুও বলি নাই যে আমরা ওই মাঠে খেলবো না। মাঠ আমাদের চেয়ে অনেক খারাপ ছিল, আমরা সবসময় ভালো মাঠে প্র্যাকটিস করি। এই জিনিসগুলো কিন্তু এটা ফুটবলের স্বার্থে আমাদের করতে হচ্ছে।’
দু’দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও কোন সিদ্ধান্তে পৌছাতে পারেননি বাফুফে’র কর্মকর্তারা। আজ ফাইনাল গড়াবে কিনা তারও রাত আটটা পর্যন্ত জানাতে পারেননি তারা। তবে মোহামেডানের সূত্রে জানাগেছে আগামীকাল মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হতে পারে ফেডারেশন কাপের ফাইনাল। আবার নাটকীয় কিছু ঘটলে আজও হতে পারে এই ফাইনাল।
