জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে সেরার পুরস্কার জিতেছেন নিজাম উদ্দিন আহমেদ। রানারআপ সৈয়দ রাফিজ। গতকাল ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত খেলা শেষে চ্যাম্পিয়ন নিজামের হাতে এক লাখ, রানারআপ রফিজের হাতে ৫০ হাজার এবং দুই সেমিফাইনালিস্টদের হাতে ২০ হাজার টাকা করে এবং ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ এবং বিবিএসএফের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, এনডিসি, পিএসসি (অব.), কো-স্পন্সর রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাফিলউদ্দিন এবং এমিনেন্স সোর্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক পুলক পোদ্দার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের খেলাধূলার সার্বিক উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা সবরকম সহযোগিতা নিশ্চিত করতে চাই।’
বিশেষ অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশে স্নুকারের জনপ্রিয়তা ও মান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ বলেন, ‘দেশের অন্যতম মর্যাদাপূর্ণ স্নুকার প্রতিযোগিতা আয়োজন করতে পেরে ঢাকা বোট ক্লাব গর্বিত। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন দেশের কিউ স্পোর্টসকে আরও এগিয়ে নেবে।’ বিবিএসএফ-এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন (অব.) বলেন, ‘বাংলাদেশে কিউ স্পোর্টসের উন্নয়নে বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বোট ক্লাবের সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. জহিরুল ইসলাম।
