স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তার প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করবো। জনবল সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি আছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। তিনি জানান, সাতদিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিজের চিকিৎসার ক্ষেত্রেও তিনি দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এ ছাড়া স্বাস্থ্য খাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার কথাও জানান মন্ত্রী।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন