জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

ফন্ট সাইজ:

জুলাই জাতীয় সনদ ও এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট করেন।
রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি, কেন এই সনদকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে। তার দাবি, প্রজাতন্ত্রের সংবিধানে ‘জুলাই সনদ’-এর মতো কোনো বিধান নেই। সনদে গণভোট আয়োজন ও সংসদে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব থাকায় এটি সংবিধানবিরোধী ও অবৈধ।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বৈরতন্ত্র রোধে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান সংস্কার উদ্যোগ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করা হয়। ২০২৫ সালের ১৭ই অক্টোবর ২০টিরও বেশি রাজনৈতিক দল এতে সই করে। সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৪৭টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন।
উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং মৌলিক অধিকার সুরক্ষা।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন