আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামিপক্ষের জেরার মুখে পড়েছেন মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়। বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হকের আদালতে মামলার তিন আসামির পক্ষে আইনজীবীরা জামালকে জেরা করেন। তবে মামলার প্রধান আসামি সনাতন জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পক্ষে জেরা করা হয়নি। তার আইনজীবী সময় প্রার্থনা করেছেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য ছিল। নিহতের পিতা ও মামলার বাদী আদালতে উপস্থিত থেকে জেরার উত্তর দেন। একপর্যায়ে অসুস্থবোধ করায় তিনি চেয়ারে বসেই জেরার জবাব দেন। অন্যদিকে আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের পক্ষে আইনজীবী কে পি শর্মা জেরা সম্পন্ন করেন। স্বীকারোক্তি প্রদানকারী আসামি রাজীব ভট্টাচার্য্য নিজেই বাদীকে জেরা করেন। অন্য আসামিদের পক্ষ থেকেও সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ই মার্চ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন-আজকেও বাদীর জেরা হয়েছে। তিনজন আসামির পক্ষে জেরা করা হয়েছে। আগামী ৯ই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দ্রুত বিচার প্রত্যাশা করলেও বারবার সময় নেয়ায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ৭৬ বছর বয়সী বাদী অসুস্থ শরীর নিয়ে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। ২০২৫ সালের ১লা জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশসহ ৩৮ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। পরে বাদী না রাজি দিলে একই বছরের ২৫শে আগস্ট আদালত আসামি সুকান্ত দত্তসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৪ই জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গত বছরের ২৬শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীরা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলার আসামিদের মধ্যে চন্দন দাশ, রিপন দাশ ও রাজীব ভট্টাচার্য্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আলিফ হত্যায় আসামিপক্ষের জেরায় নিহতের পিতা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
