গতকাল ভোরে নীলফামারী জেলা সদরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শত শত বিঘা জমির আধাপাকা ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে গাছপালাসহ বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি।
জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে উত্তর পূর্ব কোণ থেকে কালো মেঘে মুহূর্তে ঢাকা পড়ে জেলা সদর। শুরু হয় প্রচণ্ড বজ্রসহ ঝড়-বৃষ্টি। প্রায় আধা ঘণ্টা ধরে চলা ঝড়ে সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদেহাট বিশমুড়ি, বুড়িরডাঙ্গা, ইটাখোলা ইউনিয়নের সিংদই, কানিয়ালখাতা, বাদিয়া মোড়, হাতিবান্ধাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় কালবৈশাখী। বাতাসের তোড়ে তিস্তা দিনাজপুর সেচ খালের ধারে থাকা অনেক গাছ উপড়ে পড়েছে। নীলফামারী-জলঢাকা প্রধান সড়কের চাঁদেরহাট থেকে হাতিবান্ধা পর্যন্ত সড়কের বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও দমকল বিভাগের সদস্যরা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। নীলফামারী বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রিপন চন্দ্র রায় জানান, ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হয়। অপরদিকে গত দুই সপ্তাহেরও বেশি সময় কমবেশি প্রতিদিন বৃষ্টিপাতের ফলে পাকা ধান ও ভুট্টা নিয়ে স্থানীয় কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
