যুদ্ধবিরতি সত্ত্বেও লেবানন জুড়ে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এমন পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে তিনি অসম্ভব কিছু করবেন। এক প্রতিবেদনে আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে জোসেফ আউন বলেন, আলোচনার জন্য লেবানন যে কাঠামো নির্ধারণ করেছে, তাতে ইসরাইলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, সীমান্তে সেনাবাহিনী মোতায়েন, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং অর্থনৈতিক সহায়তা রয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার পদ ও দায়িত্বের ভিত্তিতে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে আমার কর্তব্য হলো, অসম্ভবকে সম্ভব করা এবং সর্বনিম্ন ব্যয়সাপেক্ষ পথটি বেছে নেয়া।
গত ১৭ এপ্রিল থেকে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনী দেশটিতে অবিরাম হামলা চালাচ্ছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে নতুন করে আরও যুদ্ধবিরতি ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। তবে এরপরেও দেশটিতে হামলা চালাচ্ছে ইসরাইল।
