ফুলবাড়ীতে কুকুরের হামলায় আহত ৫১, এলাকায় আতঙ্ক

ফন্ট সাইজ:

: দিনাজপুরের ফুলবাড়ীতে বেওয়ারিশ কুকুরের হামলায় একদিনে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৫১ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ১১টার মধ্যে উপজেলার শিবনগর ইউনিয়নের চক্কবির, পালপাড়া, দাসপাড়া, রামভদ্রপুর, পূর্ববাজিতপুর, দাদপুর আবাসন ও মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মহিফুল বেগম (৭০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা পর্যন্ত জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ৫১ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু চক্কবির গ্রামেই ৩৪ জন। হাসপাতালে বর্তমানে ৩০০ ডোজ অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন মজুত রয়েছে এবং আরও ২০০ ডোজ চাহিদা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি ক্ষিপ্র কুকুর এলাকায় ঢুকে যাকেই পেয়েছে তাকেই কামড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা নওরোজ হাসান বলেন, কুকুর কামড়ালে বা আঁচড়ালে ক্ষতস্থান দ্রুত সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে এসে টিকা নিতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন