নরসিংদী-৫ আসনে তিন দশক পর বিএনপি’র বিজয়

নরসিংদী-৫ আসনে তিন দশক পর বিএনপি’র বিজয়

ফন্ট সাইজ:

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দীর্ঘ তিন দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বিশাল জয় ছিনিয়ে এনেছেন বিএনপি’র মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘস্থায়ী দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের পর থেকে দীর্ঘ ৩০ বছর পর আসনটি আওয়ামী লীগের হাত থেকে পুনরুদ্ধার করলো বিএনপি। সম্প্রতি রায়পুরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা। রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি’র আবদুল আলী মৃধা নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রায় তিন দশক আসনটি আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজুর দখলে ছিল। বিজয়ের পর এক বার্তায় আশরাফ উদ্দিন বকুল বলেন, আমার প্রাণপণ প্রচেষ্টায় বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের ডাইনামিক রাজনীতি, সঠিক দূরদর্শিতা ও বিচক্ষণতার কারণে এ আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় নেতৃবৃন্দগণ ও ভোটারগণকে রায়পুরাবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এ নির্বাচনে আপনারা আমার জন্য মন-প্রাণ দিয়ে বিজয়ের জন্য কাজ করেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা আমাদের বিজয় আনতে অনেক সহজ হয়েছে। আমি যাতে আপনাদের এই সম্মান রক্ষা করে রায়পুরার প্রতিটি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে এবং সকলের মাঝে উন্নয়নের রূপকার হিসেবে সঠিক দায়িত্ব পালন করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারি এটাই আমার প্রত্যাশা। তিনি আরও বলেন-আমি ক্ষমতার পরিচয় দিয়ে নয়, ভালোবাসার প্রিয় মানুষ হিসেবে সকলের পাশে থাকতে চাই। আপনাদের কাছে শুধু একটি অনুরোধ রায়পুরার আগামীর ভবিষ্যৎ নিয়ে আমাদের সবার ভাবতে হবে। কীভাবে রায়পুরা থেকে মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, লুটপাট, অগ্নিসংযোগ, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় সেজন্য ঐক্য গড়ে তুলতে হবে। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা পাশে থাকলে কোনো অপশক্তি জনগণের ক্ষতি করতে পারবে না। আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি। মানবিক রায়পুরা গড়ে তোলার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। রায়পুরায় দীর্ঘ রাজনৈতিক পালাবদলের এই বিজয় এখন নতুন প্রত্যাশা ও পরিবর্তনের বার্তা দিচ্ছে স্থানীয় জনগণের মাঝে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন