লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে মৌসুমের শেষ ম্যাচে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। লীগ মৌসুমের শেষ রাউন্ডে আগামী রোববার অ্যানফিল্ডে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে লিভারপুল। এটি হতে যাচ্ছে লিভারপুলের জার্সিতে সালাহর শেষ ম্যাচ। গত মার্চে ৩৩ বছর বয়সী এ ফুটবলার মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন।
অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে হারের পর সালাহ বলেন, লিভারপুলকে আবার সেই ‘হেভি মেটাল আক্রমণাত্মক ফুটবল’ ফিরিয়ে আনতে হবে যা প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেয়। মিশরীয় ফরোযার্ডের এই মন্তব্যকে অনেকেই কোচ আর্নে স্লটের প্রতি সমালোচনা হিসেবে দেখছেন। রুনি তার শোতে সালাহকে উদ্দেশ্য করে বলেন, ‘সালাহ আসলে ইয়ুর্গেন ক্লপের ফুটবল চাইছেন। কিন্তু এখন তার পক্ষে সেই মানের খেলা সম্ভব নয়। আমি হলে স্লটের জায়গায় তাকে শেষ ম্যাচে স্কোয়াডেই রাখতাম নাৃসে আসলে কোচের প্রতি আস্থা নেই বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছে এবং সতীর্থদেরও কঠিন অবস্থায় ফেলেছে।’ রুনি নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে মতবিরোধের কারণে তার শেষ ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন না।
গত ৯ বছরে লিভারপুলের সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন সালাহ। এসময় তিনি ২৫৭ গোল এবং ছয়টি বড় শিরোপা এনে দিয়েছেন ক্লাবকে। চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়ী। গত মৌসুমে ২৯ গোল করে শিরোপা জিতিয়েছিলেন, তবে এবার ৪০ ম্যাচে করতে পেরেছেন মাত্র ১২ গোল। রুনি বলেন, ‘সালাহ আসলে নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছেন কারণ তার মৌসুম খুব খারাপ গেছে। দুইবার প্রকাশ্যে কোচকে অসম্মান করেছেন, এটা মেনে নেয়া যায় না।’
শিরোপা রক্ষায় ব্যর্থ লিভারপুল এখন প্রিমিয়ার লীগে পঞ্চম স্থানে। দলটির চ্যাম্পিয়নস লীগে খেলার আশা অনেকটাই শেষ। রুনি বলেন, ‘কিছু খেলোয়াড় যেন খেলা ছেড়ে দিয়েছে। এটা কোচের জন্য বড় সমস্যা। তবে স্লট গত মৌসুমে লীগ জিতেছেন, তাই তাকে আরও সময় দেয়া উচিত কিনা- সে বিষয়ে আমি দ্বিধায় আছি।’
