ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো প্রকার আলোচনা বা আপস করবে না। খবর বিবিসির।
এ প্রসঙ্গে বাঘাই বলেন, এটি আলোচনা বা আপস করার মতো বিষয় না। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার।
তার ভাষায়, উদাহরণ হিসেবে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।
বাঘাই বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। তিনি সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোকে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

M.A.Rahman
২ মাস আগেThe Iranians are a great nation