দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এম ইকবাল হোসেন দায়িত্ব গ্রহণ করায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (শপথ গ্রহণের দিন) বিকাল থেকে রাত পর্যন্ত গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, কলেজ মোড়, হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় তারা সেøাগানে সেøাগানে মুখরিত করে তোলে পুরো পৌর শহর। আনন্দ মিছিল থেকে গৌরীপুরবাসীর পক্ষ থেকে বিএনপি’র চেয়ারপারসন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে ইকবালকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবীর হিরা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আলম তারা, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাদের গৌরীপুরকে মন্ত্রী উপহার দেয়ার জন্য। আমরা সবাই মিলে গৌরীপুরের উন্নয়ন করবো। নেতারা আরও বলেন, গৌরীপুর দীর্ঘদিন অবহেলিত ছিল। এবার একজন শিক্ষিত, ক্লিন ইমেজের মানুষ প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশাবাদী। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে ইকবাল প্রায় ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ প্রায় ২৯ বছর পর এই আসনটি পুনরায় বিএনপি’র দখলে আসে। এম ইকবাল হোসেন শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের তাতরাকান্দা গ্রামের বাসিন্দা ও প্রয়াত ইসমাইল হোসেন তালুকদারের পুত্র। তার বাবা ১৯৭৯ সালে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল
শামীম হোসেন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
