নারায়ণগঞ্জের বিরল গোলাপি রঙের মহিষ এবার বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। ডনাল্ড ট্রাম্প নামকরণ করা এই মহিষ দেখতে উৎসুক জনতার ভীড় বেড়েই চলছে। দেশের সীমা পেরিয়ে এই মহিষের উপর নজর এখন বিশ্ববাসীর। ভারত, পাকিস্তান, বৃটেনসহ একাধিক দেশের সংবাদ মাধ্যমে মহিষটি নিয়ে খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয় গোলাপি রঙের এই বিরল মহিষটির সঙ্গে ডনাল্ড ট্রাম্পের সাদৃশ্য প্রকট।
আন্তর্জাতিকভাবে মহিষটি আলোচনায় এসেছে মূলত অদ্ভুত চেহারা, ট্রাম্পের সঙ্গে তুলনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিও’র মাধ্যমে। এটি এখন ভাইরাল বৈশ্বিক কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে। ভারতীয় গনমাধ্যম এনডিটিভির প্রকশিত খবরে বলা হয়, নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’ যা তার অদ্ভুত চেহারার কারণে বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, মহিষটির মাথার সোনালি রঙের চুল এবং মুখাবয়ব অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল আছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে অনেকে সরাসরি খামারে গিয়ে মহিষটি দেখতে ভিড় করছেন।
এক স্থানীয় নারী বলেন, তিনি প্রথমে ফেসবুকে দেখেছেন এখন বাস্তবে দেখে আরও অবাক হয়েছেন। তার ভাষায়, মুখের গঠন আর চুলের স্টাইল ট্রাম্পের মতোই মনে হয়েছে। আরেক দর্শনার্থী জানান, ভিডিও দেখে কৌতূহল নিয়ে তিনি এসেছেন এবং সামনে থেকে দেখে মনে হয়েছে নামটি একদম মানানসই।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর হাট থেকে মহিষটি কেনা হয়। পরে মাথার চুলের কারণে তার ছোট ভাই মজার ছলে এর নাম দেন ‘ডনাল্ড ট্রাম্প’। তিনি আরও বলেন, অ্যালবিনো মহিষ সাধারণত বিরল এবং শান্ত স্বভাবের হয়। খামারের কর্মীদের মতে, মহিষটি স্বভাবে শান্ত ও নিরীহ হলেও সঠিক খাদ্য ও যত্নে এটি বড় আকার ধারণ করেছে।
