১০ বছর পর কেরালার ক্ষমতায় কংগ্রেসের জোট

১০ বছর পর কেরালার ক্ষমতায় কংগ্রেসের জোট

ফন্ট সাইজ:

কেরালায় ১০ বছর পর আবারও ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। সোমবার তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভি ডি সাথিসান। কেরালার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তাকে এবং তার ২০ সদস্যের মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভার ১৪ জনই প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সহ কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যের নেতারা।

এছাড়া বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। শপথ গ্রহণের পর সাথিসান সব দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নতুন মন্ত্রিসভায় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলিধরন এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফ জায়গা পেয়েছেন। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে পাঁচজন মন্ত্রী হয়েছেন।

তারা হলেন পি কে কুনহালিকুট্টি, কে এম শাজি, পি কে বশীর, এন শামসুদ্দিন এবং ভি ই আব্দুল গফুর। এছাড়া মন্ত্রিসভায় রয়েছেন মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সি পি জন, এ পি অনিলকুমার, টি সিদ্দিক, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্ধু কৃষ্ণা, এম লিজ্জু, কে এ তুলসি এবং ও জে জানেশ। মুখ্যমন্ত্রী সাথিসান আরও ঘোষণা করেন, থিরুভাঞ্চুর রাধাকৃষ্ণন হবেন বিধানসভার স্পিকার, শানিমোল উসমান ডেপুটি স্পিকার এবং আপু জন জোসেফ সরকারদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ১৪০ আসনের মধ্যে ১০২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

কংগ্রেস এককভাবে ৬৩টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পায় ২২টি আসন। অন্যদিকে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের আসন কমে দাঁড়ায় ৩৫টিতে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি জয় পায় তিনটি আসনে।

দুই মেয়াদ ধরে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট সরকারের পর কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তনের মূল কারিগর হিসেবে বিবেচিত হচ্ছেন সাথিসান। মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কংগ্রেসের অভ্যন্তরে ব্যাপক আলোচনা চললেও শেষ পর্যন্ত তৃণমূল কর্মী, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং সাধারণ মানুষের সমর্থন তার পক্ষেই যায়। দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমে কে সি বেণুগোপালকে মুখ্যমন্ত্রী করতে আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত সাথিসানের পক্ষেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন