কোয়ান্তাসের ফ্লাইটে যাত্রীর অশোভন আচরণ, জরুরি অবতরণ

কোয়ান্তাসের ফ্লাইটে যাত্রীর অশোভন আচরণ, জরুরি অবতরণ

ফন্ট সাইজ:

মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থগামী কোয়ান্তাস এয়ারলাইনের একটি ফ্লাইট এক যাত্রীর কারণে মাঝপথে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। ফ্লাইটটি ছিল কিউএফ২১। এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের ডালাসের দিকে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ফ্রেঞ্চ-পলিনেশিয়ার পাপিতিতে (তাহিতি) ঘুরিয়ে নেয়া হয়। সেখানে ওই যাত্রীটিকে নামিয়ে দেয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রায় ১৮ ঘণ্টার যাত্রাপথের মধ্যে তখনও প্রায় ১১ ঘণ্টার পথ বাকি ছিল।

হঠাৎ এই বিচ্যুতি পুরো যাত্রাকে ব্যাহত করে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। ঘটনার সময় স্থানীয় কর্তৃপক্ষ বিমানটিতে উঠে এসে অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করে। পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীকে কোয়ান্তাসে অবতরণের পর আটক করা হয় এবং তাকে এই গ্রুপের সব ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন কমেডিয়ান মাইক গোল্ডস্টেইন। তিনি ইনস্টাগ্রামে ঘটনার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, যাত্রীটি বিমানের বাথরুম থেকে বের হয়ে অস্থির আচরণ করছেন এবং ক্রুদের সঙ্গে তর্ক করছেন। তিনি বারবার দরজা ঠেলে বের হওয়ার চেষ্টা করেন এবং অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি বলেন, সিগারেট পান করতে বের হতে চেয়েছিলেন।

ক্রু সদস্যরা তাকে শান্ত থাকার অনুরোধ করেন। জানান যে, বিমানে শিশু রয়েছে এবং তার এ আচরণ গ্রহণযোগ্য নয়। পরে যাত্রীটিকে বিমানের পেছনের দিকে যেতে বলা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সংস্থা এয়ার নাভ রাডার জানিয়েছে, ওই যাত্রী নাকি এক ক্রু সদস্যকে কামড় দিয়েছেন। তবে এই দাবি বিমান সংস্থা বা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ভিডিওতে পরে দেখা যায় বিমানটি তাহিতিতে অবতরণ করছে এবং সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। বিমানটি পুনরায় জ্বালানি নিয়ে যাত্রা শুরু করে এবং শেষ পর্যন্ত ডালাস-ফোর্ট ওয়ার্থে কয়েক ঘণ্টা দেরিতে পৌঁছায়।

কোয়ান্তাস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং বিমানে বিশৃঙ্খলা বা হুমকিমূলক আচরণের ক্ষেত্রে তাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন