নতুন করে ইতিহাস লিখতে স্রেফ এক ধাপ দূরে ব্রুনো ফার্নান্দেজ। রোববার নটিংহাম ফরেস্টের বিপক্ষে পর্তুগিজ তারকার নিখুঁত ক্রসটি যখন ব্রায়ান এমবুমো জালে জড়ালেন, ওল্ড ট্রাফোর্ড তখন মেতে উঠলো এক অনন্য কীর্তির উদযাপনে। চলতি মৌসুমে এটি রেড ডেভিল অধিনায়কের ২০তম অ্যাসিস্ট। আর তাতেই কেভিন ডি ব্রুইনা এবং থিয়েরি অরির এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের মহাকাব্যিক রেকর্ডে ভাগ বসালেন ফার্নান্দেজ। পাঁচ গোলের নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয়ও তুলে নিলো ইউনাইটেড।
কীর্তিগড়া অ্যাসিস্টের উচ্ছ্বাস এতটাই বাঁধভাঙা ছিল যে, গোলকিপার সেনে ল্যামেন্স পুরো মাঠ দৌড়ে এসে জড়িয়ে ধরেন তার অধিনায়ককে। আগামী ২৪শে মে ব্রাইটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ম্যাচে ফার্নান্দেজের সামনে সুযোগ থাকছে এককভাবে এই রেকর্ডের চূড়ায় বসার।
পরিসংখ্যানের পাতায় অনন্য ফার্নান্দেজ
চলতি মৌসুমে ১৩২টি সুযোগ তৈরি করেছেন ৩১ বছর বয়সী ফার্নান্দেজ, যা লীগে সর্বোচ্চ। দুইয়ে থাকা লিভারপুলের ডমিনিক সোবোসলাইয়ের চেয়ে সংখ্যাটি অবিশ্বাস্যভাবে ৫৮টি বেশি! গত সপ্তাহেই ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতেন ফার্নান্দেজ। ২০২০ সালের জানুয়ারিতে ইংল্যান্ডে আসার পর থেকে এখন পর্যন্ত ৬৭০টি সুযোগ তৈরি করেছেন তিনি, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি ব্রুইনার চেয়ে ২৩৮টি বেশি! এ সময়ে তার ৭১টি অ্যাসিস্ট লীগে সর্বোচ্চ এবং গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান ১৪১টি।
সাবেক ইউনাইটেড তারকা গ্যারি নেভিল স্কাই স্পোর্টসকে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘ফার্নান্দেজ প্রিমিয়ার লীগ ফুটবলে এক ব্যতিক্রমী কীর্তি গড়েছে। এক মৌসুমে ২০টি অ্যাসিস্টের রেকর্ডে ডি ব্রুইনা এবং থিয়েরি অরির পাশে দাঁড়ানোটা ওর জন্য এক জাদুকরী মুহূর্ত।’
ম্যাচ শেষে স্বভাবসুলভ রসিকতায় স্কাই স্পোর্টসকে ফার্নান্দেজ বলেন, ‘ওরা (সতীর্থরা) আমার পাস থেকে গোল করার আপ্রাণ চেষ্টা করছিলো। ২০টি অ্যাসিস্ট করতে পেরে আমি খুবই আনন্দিত, তবে সামনে এখনো একটি ম্যাচ বাকি। প্রিমিয়ার লীগে এটিই আমার সেরা পারফরম্যান্স, তাই আমি সত্যিই অনেক খুশি।’
